উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে লিঙ্গ বৈষম্য কম: ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ জুন ২০১৯


উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে লিঙ্গ বৈষম্য কম বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। আজ ২২ জুন, শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস পরিষদের ৪৯তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল “ইতিহাসে নারী: দক্ষিণ এশিয়া প্রসঙ্গ”।

সম্মেলনে বাংলাদেশ এবং ভারতের খ্যাতিমান ইতিহাসবিদ, গবেষক ও শিক্ষাবিদগণ অংশ নেন। তারা ৬টি অধিবেশনে মোট ৩৫টি প্রবন্ধ উপস্থাপন করেন।  অনুষ্ঠানে বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি হিসেবে দেয়া বক্তব্যে উপাচার্য বলেন, ইতিহাস সচেতন সমাজ বিনির্মাণের লক্ষ্যে ১৯৬৬ সালে বাংলাদেশ ইতিহাস পরিষদ গঠিত হয়। বাংলা ভাষায় সহজভাবে ইতিহাস চর্চা ও জাতির কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এই পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।”

ইতিহাসে অতীত, বর্তমান ও ভবিষ্যত বিশ্লেষণ করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘‘বাংলাদেশের ইতিহাসে নারীদের অবদান মূল্যায়নের সময় এসেছে।’’ উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে লিঙ্গ বৈষম্য কম মন্তব্য করে তিনি বলেন, ‘‘নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ এবং বহির্বিশ্বের মধ্যে তুলনামূলক আলোচনা হতে পারে।’’

এর আগে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘‘মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ শিক্ষা, সংস্কৃতি, শিল্প, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে বাংলাদেশের নারীরা অনন্য অবদান রেখেছেন। কিন্তু অনেক নারী এখনও ইতিহাসে সেভাবে ঠাঁই পাননি।’’ গবেষণার মাধ্যমে ইতিহাসে সফল নারীদের অবদান তুলে ধরার জন্য তিনি ইতিহাসবিদদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “যথাযথ ইতিহাস চর্চার মাধ্যমে জাতির কাছে সঠিক তথ্য তুলে ধরতে হবে।” অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে জয়ের স্বাক্ষর রেখে চলেছেন উল্লেখ করে তিনি বলেন, “নারীদের অসামান্য অবদানের কারণেই আজ সমাজ ও সভ্যতা এগিয়েছে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারী অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে তিনি বর্ণনা করেন। নারীরে এই অগ্রগতির ধারাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি দিনব্যাপী ওই সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে শিক্ষামন্ত্রী ভবিষ্যত প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সঠিক ইতিহাস চর্চার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সঠিক ইতিহাস ছাড়া যোগ্য নেতৃত্ব গড়ে তোলা সম্ভব নয়।” সঠিক ইতিহাস চর্চা এবং নারীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে এই সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী স্বাগত বক্তব্য দেন এবং পরিষদের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ হুমায়ুন কবির ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সঞ্চালন করেন পরিষদের যুগ্ম-সম্পাদক মো. আবদুর রহিম।