মশা কাণ্ড

ইয়াসিন আরাফাত
শনিবার, ০৩ আগস্ট, ২০১৯


আমি ক্ষুদ্র একটি মশা,
জীবন আয়ুটাও তেমনি ক্ষুদ্র 
কিন্তু আমার ক্ষমতা ক্ষুদ্র নয়।
আমায় অবজ্ঞা কর না। জানো?

আমার ভয়ে আজ পুরো ঢাকা শহর আতঙ্কিত
দুই মেয়রের ক্ষমতায় পড়েছে টানটান উত্তেজনা!
‘হয় মশা নিধন না হয় মেয়র পতন’-
স্লোগানে মুখরিত ফেসবুক সমাজ।

ঢাবির প্রথম বর্ষের ছাত্ররা
গেস্টরুমের বড় ভাইদের এখন ততটা ভয় করে না
যতটা করে ক্ষুদ্র এই আমাকে।

আমি ক্ষুদ্র একটি মশা
আমার বিরুদ্ধে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় পদক্ষেপ।
ব্যবহৃত হচ্ছে কামান-মেশিনগানের মত অস্ত্র!
ধোয়াচ্ছন্ন হচ্ছে প্রত্যেকটি অলি-গলি।
আর জনগণ কয়েল জ্বালিয়ে, মশারি টানিয়ে
ঘুমহীন চোখে আমার বিরুদ্ধে সদায় সজাগ
তবু কমাতে পারেনি ঢাকা মেডিকেলের দীর্ঘ সিরিয়াল।

আমি ক্ষুদ্র একটি মশা!
খবর রাখ? সেদিন ঢাবির ভিসি, ডাকসুর নেতারা
আমাকে নিয়ে জরুরি বৈঠকে বসেছে-
ঢাবি ক্যাম্পাস বন্ধ করা যায় কি না।
ছাত্ররা সবাই নাকি হল ছেড়ে পালাচ্ছে!

দেখেছো আমার শক্তি?
আমায় অবজ্ঞা কর না।
আমি ক্ষুদ্র একটি মশা!

এবার মজার খবর শোন
কাল এক বিরোধী দলের নেতা এসে বলল-
“আমার ভয়ে নাকি প্রধানমন্ত্রী দেশ ছাড়া! স্বাস্থ্যমন্ত্রী স্বপরিবারে মালয়েশিয়া!”
বিষয়টা বাস্তবিক না হলেও আমার কাছে কাল্পনিক মনে হয়নি।
এর চেয়ে বহু বহু গুণ শক্তিশালী ক্ষমতাধরকে আমি পাকড়াও করেছি।
খোদাদ্রোহী নমরুদকে করেছি নিশ্চিহ্ন।

আমি ক্ষুদ্র একটি মশা 
আমার আছে-
ম্যালেরিয়া-প্যালেরিয়ার মত পাওয়ার
ডেঙ্গু নামক পরমাণু ভাইরাস 
ঐশ্বরিক-অলৌকিক শূঁড় -
আমার ক্ষমতা ক্ষুদ্র নয়।।