মহসিন হলের মাঠে 'বিজয়ের ৪৮ বছর'

ঢাবি মাতাবেন ফকির আলমগীর, মমতাজ, জেমস ও চিরকুটের সুমি

ঢাবি প্রতিনিধি
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯


ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বিজয় কনসার্ট। ১৬ ডিসেম্বর দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে সার্বিক সহযোগিতা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এই আয়োজনের টাইটেল স্পন্সর আইএফআইসি ব্যাংক ও কো-স্পন্সর হিসেবে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

বিজয় কনসার্টে বিজয়ের গান পরিবেশন করবেন বিখ্যাত সংগীত শিল্পী ফকির আলমগীর। পাশাপাশি মঞ্চ মাতাবেন সংগীত সম্রাজ্ঞী মমতাজ বেগম, জেমস ও তার ব্যান্ড নগর বাউল এবং চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমিসহ অন্যান্য সংগীত শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও ইসরাত পায়েল। 

এছাড়াও অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, আলোকচিত্র প্রদর্শনী এবং ডাকসুর পরিবেশনা। বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মের স্মৃতিতে সমুজ্জ্বল রাখার প্রয়াসে এই উদ্যোগ নেয়া হয়েছে। ‘গৌরবময় বিজয়ের ৪৮ বছর’ শীর্ষক ওই অনুষ্ঠান থেকে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ পুলিশের শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

গৌরবময় বিজয়ের ৪৮ বছর উপলক্ষে আয়োজিত এ  অনুষ্ঠানটি শেষ হবে মনোজ্ঞ ফায়ার ওয়ার্কসের মধ্যদিয়ে। আয়োজন সফল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।