জনসংখ্যার পঞ্চাশ ভাগ নিরাপত্তাহীনতায় ভোগে

খুশি কবির
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০


আমরা শ্লীলতাহানী বলি না, কেননা আমরা মনে করি- এতে শ্লীলতাহানী হয়নি। যে ধর্ষক তার অপবাদ যা যা দিতে চান সেটা দেন। যাকে ধর্ষণ করা হয়েছে তার শ্লীলতাহানী হয়নি, তার সব ঠিকই আছে।

আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। দেশের জনসংখ্যার পঞ্চাশভাগ যদি বাসায়, বাহিরে, স্কুলে, কলেজে, চাকরিস্থলেসহ সবজায়গায় নিরাপত্তাহীনতায় ভোগে, তবে এটা তো সুস্থ সমাজ হতে পারে না। যতই উন্নত হোক না কেন এই জায়গাটা যদি গুরুত্বের সাথে দেখা না হয়, তবে কোন লাভ হবে না। এটাকে এক নাম্বার সমস্যা হিসেবে চিহ্নিত করে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়। অনেক পুরুষ আছে যাদের মানসিকতা বিকৃত। নিজেদের পৌরুষত্ব প্রকাশ করার জন্য তারা নারীর উপর হামলা করে। এটা যুদ্ধের সময়ও পাকিস্তানিরা করেছে। এখনো কঙ্গের মত অনেক জায়গায়ই করে।

বিচার ব্যবস্থাকে নিশ্চিত করা। আমি বারবার বলেছি, আমাদের যে আইনগুলো আছে, তাতে কোথায় দুর্বলতা আছে, কেন দেরি হচ্ছে, বিচার ব্যবস্থার আইনগত ফাঁক কি আছে। এটা শুধু সরকারের একা না, পুলিশের একা না। সবাই মিলে এক সাথে এক যোগে বড় আন্দোলন করতে হবে।