কোপা আমেরিকা

ব্রাজিল ঝড়ে উড়ে গেল বলিভিয়া

ক্রীড়া ডেস্ক
রবিবার, ১৬ জুন ২০১৯


জয় দিয়েই কোপা আমেরিকায় পথচলা শুরু করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বখ্যাত তারকা নেইমার দলে নেই । তারপরেও ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক ফিলিপে কৌতিনহো। অন্য গোলটি করেন এভারটন। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিল ম্যাচে আগাগোড়াই তাদের আধিপত্য বজায় রেখেছিল ৷ 

ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারের অভাবটা প্রথম ম্যাচে তেমন চোখে পড়েনি। অনেকটা হেসেখেলেই বলিভিয়াকে হারিয়েছে স্বাগতিকরা।  কোপায় ব্রাজিলের পরের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায়। 

১৫ জুন, শনিবার বাংলাদেশ সময় সকালে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে বলিভিয়াকে ৩-০ গোলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই হারিয়েছে সেলেসাওরা। ৬৯ বছর পর সাদা জার্সিতে খেলতে নেমেছিল ব্রাজিল। একসময় এই সাদা জার্সিই ছিল ব্রাজিলের হোম জার্সি। ১৯৫০ বিশ্বকাপে মারাকানাজ্জো বিপর্যয়ের পর সেই সাদা রঙের জার্সিতে আর দেখা যায়নি ব্রাজিল দলকে। কোপা আমেরিকার ৪৬তম আসরে পুরানো সেই চেহারায় প্রিয় দলকে দেখেছে ফুটবলপ্রেমিরা।

এ গ্রুপের এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য! প্রথমার্ধ জুড়ে ব্রাজিলিয়ানরা যেন গোল মিসেরই মহড়া দিয়ে গেছেন। তবে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। ব্রাজিল ফরোয়ার্ড রিচার্লিসনের শট ঠেকাতে গিয়ে নিজেদের বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন বলিভিয়ার জুসিনো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি নেস্তর পিতানা।

স্পটকিক থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন কুতিনহো। এরপর ৫৩ মিনিটে আবারো সেই কুতিনহোর গোল। ফিরমিনোর ভাসানো দুর্দান্ত ক্রস ছোট ডি-বক্স থেকে অসাধারণ হেড তার। মুহূর্তের মধ্যেই বল পৌঁছে যায় বলিভিয়ার জালে। ফলাফল ততখনে  ২-০। আর ৮৫ মিনিটে ম্যাচের শেষে পেরেকটি টুকে দেন এভারটন। আর এরমধ্য দিয়েই তিন-শূন্য ব্যবধানে ম্যাচ নিজেদের ঘরে তুলে নেয় ব্রাজিল।