ভারতে তীব্র দাবদাহ: হিট স্ট্রোকে ১২জনসহ মোট ৪০ জনের মৃত্যু!

বিদেশ ডেস্ক
সোমবার, ১৭ জুন ২০১৯


ভারতে তীব্র দাবদাহে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির। ১৫ জুন, শনিবার দেশটির বিহার রাজ্যের আওরঙ্গাবাদ, গয়া ও নাওয়াদা জেলায় অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ২৭ জনের মৃত্যু হয়েছে আওরঙ্গাবাদ জেলায়। এ জেলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আওরঙ্গাবাদের সরকারি একটি হাসপাতালের চিকিৎসক ডা. সুরেন্দ্র প্রাসাদ সিং। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, অনেক লোক এখনো জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যারা মারা গেছেন তাদের সবাই উচ্চ-তাপমাত্রাজনিত জ্বরে ভূগছিলেন। 

অন্যদিকে গয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। এসব মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি মৃতদের প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং প্রত্যেক পরিবারকে চার লাখ রুপি করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

চলতি বছর ভারতের অধিকাংশ অঞ্চলের বাসিন্দারা তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়েছেন। এরইমধ্যে উত্তর ভারতের চারটি শহরের তাপমাত্র অসহনীয় পর্যায় পৌঁছেছে। রাজধানী দিল্লি, রাজস্থানের চুরু, উত্তর প্রদেশের বানডা ও এলাহাবাদের তাপমাত্রা ৪৮ সেলসিয়াস ছাড়িয়ে গেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।